
দক্ষিণ দিনাজপুর: বিধানসভা নির্বাচনের মুখে হরিরামপুরে জনসভা থেকে বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে ‘শূন্য’ করে বাংলাকে ‘পূর্ণ’ করার ডাক দিয়ে তিনি বলেন, খেলা হবে—দুরদান্ত খেলা। শুক্রবার হরিরামপুরের হাজারিপাড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে আয়োজিত সভায় শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানুষদের উদ্দেশে আত্মঘাতী পথ এড়িয়ে অধিকারের জন্য লড়াইয়ের বার্তা দেন তিনি। রেলমন্ত্রী থাকাকালীন ঘোষিত বুনিয়াদপুরের ওয়াগন কারখানা না হওয়া নিয়ে বিজেপি-কে নিশানা করে মমতার অভিযোগ, বাংলা বিরোধী বলেই ওই প্রকল্প বাস্তবায়ন হয়নি। পাশাপাশি বালুরঘাট–একলাখি রেল প্রকল্পের কৃতিত্বও নিজের ঝুলিতে তোলেন তিনি। মালদার বিচারকদের উপর হামলার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান, মূল অভিযুক্তকে সিআইডি বাগডোগরা থেকে গ্রেপ্তার করেছে। সভামঞ্চ থেকে প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশেও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি অভিযোগ করেন, পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরার পথে বাধা দেওয়া হচ্ছে। সতর্কবার্তাও দেন—বাংলাকে টার্গেট করলে আমরাও দিল্লিকে টার্গেট করব। আক্রমণের পাশাপাশি প্রতিশ্রুতির ঝুলিও খোলেন তৃণমূল নেত্রী। যুবসাথী প্রকল্পের সুবিধাভোগীদের কর্মসংস্থান, কাঁচা বাড়ির বদলে পাকা বাড়ি, রাস্তা ও পানীয় জলের সংযোগ—এই সবই আগামী দিনে নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। তাঁর দাবি, দেশে বেকারত্ব বাড়লেও পশ্চিমবঙ্গে তা কমেছে। ভোটের দিন বাধা এলে ‘মা-বোনদের ঝাড়ু হাতে রাস্তায় নামার’ আহ্বান জানান তিনি।
Total Post View : 67193