
দক্ষিণ দিনাজপুর: প্রার্থী পছন্দ নয়, দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা সুশীল-এর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত-র গড়ে নির্দল প্রার্থী হিসাবে সুশীল মার্ডি-র ঘোষনায় শোরগোল দক্ষিণ দিনাজপুর জেলায়। ঘটনায় নির্বাচনের আগে অস্বস্তিতে গেরুয়া শিবির! প্রসঙ্গত উল্লেখ যে ২০২১-এর নির্বাচনে বালুরঘাট আসন থেকে জয়ী অর্থনীতিবিদ ড: অশোক কুমার লাহিড়ী-কে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে টিকিট দেয়নি বিজেপি। অশোক কুমার লাহিড়ী-র বদলে বিজেপি বালুরঘাট আসন থেকে প্রার্থী করেছে সদ্য বিজেপিতে যোগদানকারী আইনজীবী বিদ্যুৎ কুমার রায়-কে। বিদ্যুৎ কুমার রায়-কে প্রার্থী ঘোষণার পর বিজেপি দলের একাংশ কর্মী সমর্থকরা প্রার্থী নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগড়ে দেন। তবে এবার বালুরঘাটে বিজেপির প্রার্থী পছন্দ নয় বলে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়ে দিলেন বিজেপির আদিবাসী সংগঠনের নেতা সুশীল মার্ডি। মঙ্গলবার বালুরঘাটে একটি বেসরকারি লজে রীতিমত সাংবাদিক বৈঠক ডেকে একথা জানান সুশীল মার্ডি নিজেই। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির আদিবাসী ভোট ব্যাঙ্ক যথেষ্ট মজবুত। সুশীল মার্ডি-র নিজেকে নির্দল ঘোষণা তবে কি বিজেপির আদিবাসী ভোট ব্যাঙ্কে ফাটল। যদিও এদিনের এই সাংবাদিক বৈঠকে সুশীল মার্ডি দাবী করেন তিনি ১৯ শতাংশ ভোট ব্যাঙ্ক নিয়ে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার আসরে নেমেছেন, দরকার তার শুধু ১৫-১৬ শতাংশ ভোট। বালুরঘাটবাসী তাকে সমর্থন দেবেন বলে এদিনের সাংবাদিক বৈঠকে আশা প্রকাশ করেন সুশীল মার্ডি। বিজেপির সংগঠন থেকে পদত্যাগ না করে নির্দল প্রার্থী হিসাবে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা সম্পর্কে সুশীল মার্ডি জানান আজও তিনি একজন বিজেপির কর্মী কিন্তু প্রার্থী নির্বাচনে কর্মী মতামত না নিয়ে সদ্য বিজেপিতে যোগদানকারীকে দল প্রার্থী করায় দলের এহেন নীতির বিরুদ্ধে তিনি। সুশীল মার্ডি-র দাবী বিজেপির পক্ষ থেকে তার সাথে কেউ যোগাযোগ করেননি, আগামীতে যোগাযোগ করলেও তার পক্ষে সিদ্ধান্ত বদল সম্ভব নয়। সুশীল মার্ডি বলেন প্রার্থী নিয়ে বহু কর্মীর মধ্যে আক্ষেপ আছে সেজন্য তাদের কন্ঠস্বর হয়ে নিজেকে নির্দল হিসাবে ঘোষণা করেছি। সুশীল মার্ডি-র নিজেকে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা সম্পর্কে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী বলেন সুশীল মার্ডি বহুদিন ধরে দল বিরোধী কার্যকলাপে যুক্ত, উনার বিষয়টি আমরা রাজ্য নেতৃত্বকে জানিয়েছিলাম এবং উনাকেও বুঝিয়েছিলাম। কিন্তু তারপরেও উনি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে প্রেস মিট করে নিজেকে নির্দল প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। আজকেও আমরা বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানিয়েছি, রাজ্য নেতৃত্ব উনাকে দল থেকে বহিস্কার করবে বলে আমার কাছে খবর আছে। দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য বালুরঘাটের বিদায়ী বিধায়ক ড: অশোক কুমার লাহিড়ী একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ হিসাবে পরিচিত। অশোক কুমার লাহিড়ী এবারের বিধানসভা নির্বাচনে টিকিট না পাওয়া নিয়ে বিজেপির একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে। তার মাঝে সুশীল মার্ডি-র নির্দল হিসাবে নিজেকে ঘোষণা করা নির্বাচনের দৌড়গোরায় বিজেপির অস্বস্তি আরও বাড়ালো।
Total Post View : 21756