এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বালুরঘাটে অপহরণ কান্ডে সাফল্য পুলিশের, উদ্ধার অপহ্রত, গ্রেপ্তার অপহরণকারী

...

Suryasikha News Admin


বর্ণালী রায় ; দক্ষিণ দিনাজপুর: অপহরণের মাত্র দু’ঘণ্টার মধ্যেই পুলিশের তৎপরতায় উদ্ধার হলেন অপহৃত ব্যক্তি, গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্তকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর থেকে হাসপাতালের নিরাপত্তা সংস্থার সিকিউরিটি সুপারভাইজার ধ্রুব রঞ্জন চৌধুরীকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। হাসপাতাল চত্বর থেকেই তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই ধ্রুবরঞ্জনের সহকর্মীরা দ্রুত বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই বালুরঘাট থানার পুলিশ সক্রিয় হয়ে ওঠে। জেলা পুলিশের সহায়তায় দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন থানায় হাই অ্যালার্ট জারি করা হয়। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়। পুলিশ সূত্রে খবর, তৎপরতার জেরে তপন থানার এলাকা থেকে অপহৃত ধ্রুব রঞ্জন চৌধুরীকে উদ্ধার করা হয় এবং অপহরণে ব্যবহৃত গাড়িসহ মূল অভিযুক্ত মোকলেস মিয়াকে আটক করা হয়। পরে তাঁদের বালুরঘাট থানায় নিয়ে আসা হয়। জানা গিয়েছে, অপহৃত ধ্রুব রঞ্জন চৌধুরীর বাড়ি কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট এলাকায়। অন্যদিকে ধৃত মোকলেস মিয়ার বাড়িও কুমারগঞ্জ ব্লকেই। এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার ডিএসপি (হেডকোয়ার্টার) বিক্রম প্রসাদ জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ব্যবস্থা নেয়। বিভিন্ন থানায় সতর্কবার্তা পাঠানো হয় এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ করা হয়। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং অপহরণের নেপথ্যের কারণ খতিয়ে দেখা হচ্ছে। অপহৃতের মা সুচিতা চৌধুরী জানান, কেন তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে তা তিনি জানেন না। তিনি বলেন, খবর পেয়ে আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়ি এবং সঙ্গে সঙ্গে থানায় আসি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 28793


সম্পর্কিত খবর