
দক্ষিণ দিনাজপুর : বালুরঘাট শহরে চাঞ্চল্য ছড়াল আত্রেয়ী খাড়িতে কঙ্কাল উদ্ধারের ঘটনায়। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আন্দোলন সেতু সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে আত্রেয়ী খাড়িতে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সকাল থেকেই ঘটনাস্থলে কৌতূহলী মানুষের ভিড় জমতে শুরু করে। খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়দের পক্ষ থেকে বিষয়টি বালুরঘাট থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বালুরঘাট থানার পুলিশ কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায় এবং তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে পুলিশ খতিয়ে দেখছে কঙ্কালটি আসল না নকল এবং এটি কীভাবে সেখানে এল। কঙ্কালটি মানবদেহের কি না, অথবা বহুদিন আগের কোনো ঘটনা এর সঙ্গে জড়িত কি না, সেই দিকগুলিও গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পাশাপাশি নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
Total Post View : 20091