
দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট হিলি রেল প্রকল্প সম্প্রসারণের কাজ চলছে। বালুরঘাট - হিলি রেলপথ সম্প্রসারণে একাধিক জায়গায় ইতিমধ্যেই রেলের ব্রিজ নির্মাণের কাজও চলছে জোরকদমে। এরই মাঝে কামারপাড়া - চিঙ্গিশপুর রাস্তায় আন্ডার ব্রিজের পরিবর্তে ওভার ব্রিজ নির্মাণ এবং খিদিরপুর থেকে বালুরঘাট রেল স্টেশন এলাকায় সংযোগের জন্য আত্রেয়ী নদীর উপর একটি সংযোগকারী সেতু নির্মাণের জন্য ভারত সরকারের রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-এর কাছে চিঠি লিখলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার। উল্লেখ বিগত সময়ে দেখা গেছে বালুরঘাট একলাখি রেলপথে নির্মিত একাধিক আন্ডারপাস বর্ষাকালে জমা জলে ভর্তি হয়ে থাকার দরুন পথচারীদের চলাচলে ব্যাপক সমস্যা দেখা দিত। বালুরঘাট - হিলি রেল পথে আন্ডারপাসের পরিবর্তে ওভার ব্রিজ নির্মিত হলে এহেন সমস্যা ভবিষ্যতে কোনদিন দেখা দেবে না। অপরদিকে খিদিরপুরের সঙ্গে চকভৃগু এলাকার সংযোগকারী আত্রেয়ী নদীর উপর ব্রিজ না থাকায় বালুরঘাটের খিদিরপুর, ডাঙ্গি, লালমাটি, তালতলা এলাকার বাসিন্দাদের বালুরঘাট রেল স্টেশনে পৌছাতে হলে এতদিন থানা মোড় হয়ে ঘুরপথে পৌছাতে হত। যে বিষয়টি নিজের চিঠিতে আলোকপাত করে সাংসদ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রীকে চিঠি দিয়ে ঐ এলাকায় একটি ব্রিজ নির্মাণের জন্য অনুরোধও জানিয়েছেন। রেল মন্ত্রীর কাছে সুকান্ত মজুমদার-এর পাঠানো এই চিঠি দুটির বিষয় চাউড় হতেই বালুরঘাটের বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন সুকান্ত মজুমদার-এর এই উদ্যোগ-কে।
Total Post View : 49106