
দক্ষিণ দিনাজপুর: বালুরঘাটের কবিতীর্থ এথেলেটিক্স ক্লাব-এর ব্যাডমিন্টন টূর্ণামেন্টে এক হাতেই চমক দেখালেন জলপাইগুড়ির ব্যাডমিন্টন খেলোয়াড় কৃষ দে। শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের কবিতীর্থ এথেলেটিক্স ক্লাব-এর পরিচালনায় একদিনের একটি ব্যাডমিন্টন টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। টূর্ণামেন্টের উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার কাউন্সিলার প্রদীপ্তা চক্রবর্তী। টূর্ণামেন্টে মালদা, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের ৮টি জেলার মোট ২০টি ব্যাডমিন্টন খেলোয়াড়দের দল অংশগ্রহণ করে। কবিতীর্থ এথেলেটিক্স ক্লাব-এর সম্পাদক অনন্ত দত্ত জানান কবিতীর্থ এথেলেটিক্স ক্লাব জন্মলগ্ন থেকেই নানাবিধ খেলার সঙ্গে যুক্ত। প্রদীপ্তা চক্রবর্তী-র বক্তব্য ছাত্র - যুবদের খেলাধুলার প্রতি আকর্ষণ বৃদ্ধিতে কবিতীর্থ এথেলেটিক্স ক্লাব-এর এহেন উদ্যোগ প্রশংসনীয়। টূর্ণামেন্টে দর্শকদের নজর কাড়ে জলপাইগুড়ি জেলার কৃষ দে-র জোরালো লড়াই। উল্লেখ জন্ম থেকেই কৃষ দে-এর ডান হাতের অর্ধেক অংশ নেই। যদিও শারীরিক প্রতিকূলতাকে জয় করে কৃষ দে-র ঝুলিতে রয়েছে একাধিক পদক। জানা গেছে কৃষ নিয়মিত রাজ্য প্যারা গেমসে অংশ নেন এবং একবার স্বর্ণপদক জিতেছেন। প্যারা ন্যাশনাল স্তরের খেলোয়াড় হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। এদিনও কবিতীর্থ ক্লাবের প্রাঙ্গণে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টূর্ণামেন্টে কৃষ নিজের জোরালো পারফরম্যান্স মেলে ধরেন। যা দর্শকদের মুগ্ধ করেছে। বালুরঘাটে খেলার মাঝে কৃষ দে বলেন, জন্ম থেকেই ডান হাত নেই। কিন্তু সেটাকে কখনও সমস্যা বলে ভাবিনি। সমস্যা নিয়েই চলতে শিখে গেছি।
Total Post View : 24519