
দক্ষিণ দিনাজপুর: আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে নাট্য দলগুলিকে নিয়ে নাট্য বিষয়ে আলোচনায় বালুরঘাট পৌরসভা। রবিবার বালুরঘাট শহরের সূবর্ণতট সভাগৃহে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। এদিনের এই আলোচনায় উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা, নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ সহ বালুরঘাটের বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব। জানা গেছে এদিনের এই বৈঠক চলাকালীন নাটকের দলগুলির পোস্টার - ব্যানার খুলে নেওয়ার সমস্যার কথা উঠবার পাশাপাশি বালুরঘাটে একটি নাট্য কক্ষ নির্মাণ বিষয়েও আলোচনা হয়। সেই সাথে বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রকে ভাল করে চালু করা এবং বালুরঘাটের রবীন্দ্র ভবনের ভাড়ার বিষয়টিও উঠে আসে এদিনের আলোচনায়। নাট্য ব্যক্তিত্ব কমল দাস জানান বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্র সুন্দরভাবে চালু করবার জন্য তিনি একাধিক প্রস্তাব রাখেন। তবে স্বর্গীয় নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়-এর নামাঙ্কিত নির্মিত মুক্ত মঞ্চটির জায়গা চয়ন সঠিক হয়নি বলে তিনি মন্তব্য করেন। আলোচনা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা জানান নাটকের পোস্টারিং-এর জন্য জায়গার ব্যবস্থা করা হবে। তিনি জানান বালুরঘাটে নাট্য কক্ষের জন্য ২-৩টি জায়গা দেখা হয়েছে, তার মধ্যে যেটি গ্রহণযোগ্য হবে সেখানে নাট্য কক্ষ তৈরী করে দেওয়া হবে। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন স্বর্গীয় নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়-এর নামাঙ্কিত নির্মিত মুক্ত মঞ্চটির উদ্বোধন বিষয়েও এদিন আলোচনা হয়েছে। নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ বলেন রবীন্দ্র ভবনের ভাড়া এবং নাট্য উৎকর্ষ কেন্দ্র নিয়েও প্রাথমিক আলোচনা হলো, এগুলিতে টাকা পয়সা - সরকারের সংযুক্ত বিষয় আছে, আমি নিশ্চয় চেষ্টা করব। তিনি বলেন যদি বালুরঘাট তৃণমূল কংগ্রেসকে বিধায়ক দিতে পারে তাহলে এই কাজগুলি করা আমার পক্ষে খুব সহজ হবে, রবীন্দ্র ভবন এবং নাট্য উৎকর্ষ কেন্দ্রকে আর ভাল করে মানুষের জন্য সহজলভ্য করতে পারব। যদিও এদিনের আলোচনার সঙ্গে রাজনীতির কোন যোগ নেই বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। সেই সঙ্গে মন্মথ রায়-কে মরনোত্তর পদ্মশ্রী সম্মান প্রদান করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভাবা উচিৎ বলে মন্তব্য করেন অর্পিতা ঘোষ। যদিও আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে এদিনের এই আলোচনাকে তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছে জেলার রাজনৈতিক মহলের একাংশ। রাজনৈতিক মহলের একাংশের মতে নাটক - থিয়েটারের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত অর্পিতা ঘোষ, বালুরঘাট তৃণমূল কংগ্রেসের দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনে অর্পিতা ঘোষ-কে বালুরঘাট আসন থেকে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস এমন সম্ভাবনার কথা। এমত অবস্থায় নাটকের শহর বালুরঘাটে নাটক বিষয়ে আলোচনায় অর্পিতা ঘোষ-এর উপস্থিতি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকেও তাৎপর্যপূর্ণ।
Total Post View : 16060