
বর্ণালী রায়; দক্ষিণ দিনাজপুর : দক্ষিণ দিনাজপুর জেলায় শপথ গ্রহণের পর থেকেই প্রশাসনিক তৎপরতায় জোর দিলেন বিজেপির তিন নবনির্বাচিত বিধায়ক। বৃহস্পতিবার বালুরঘাট জেলা শাসকের দফতরের আত্রেয়ী সভাকক্ষে জেলা প্রশাসনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, তাপস চন্দ্র রায় এবং সত্যেন্দ্রনাথ রায়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস-সহ প্রশাসনের বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকরা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবার বর্তমান অবস্থা, উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং সাধারণ মানুষের পরিষেবা ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলার বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ভোট-পরবর্তী পরিস্থিতি এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বৈঠক শেষে বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সাংবাদিকদের জানান, রাজ্য মন্ত্রিসভার পূর্ণাঙ্গ সরকার না হওয়া পর্যন্ত জেলার বিভিন্ন পরিষেবার আর্থিক অনুমোদন আপাতত স্থগিত রাখা হবে। শুধু জরুরী পরিষেবা ছাড়া। পরবর্তীতে সমস্ত বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। অন্যদিকে জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি জানান, ভোট-পরবর্তী অশান্তি রুখতে প্রশাসন সর্বতোভাবে সক্রিয় রয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সীমান্তবর্তী অঞ্চলে প্রায় ২৫ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ এখনও বাকি রয়েছে। সেই কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও তিনি জানান।
Total Post View : 25908