
দক্ষিণ দিনাজপুর: মোদী-র জনসভা ঘিরে আশায় বিজেপি, বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুরে ৬-০ করার হুঙ্কার সুকান্ত-র। আগামী ১১-ই এপ্রিল শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির খাগড়াকুড়ি ময়দানে বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনের আগে নরেন্দ্র মোদী-র এই জনসভা ঘিরে বিজেপির প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই জনসভার মঞ্চ বাধবার কাজ চলছে জোরকদমে। বৃহস্পতিবার নরেন্দ্র মোদী-র জনসভাস্থল পরিদর্শনে যান বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার। সংবাদমাধ্যমকে সুকান্ত মজুমদার জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র জনসভায় লক্ষাধিক মানুষের জমায়েত হবে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি এবং হরিরামপুর বিধানসভা কেন্দ্রে নরেন্দ্র মোদী-র জনসভার সব থেকে বেশী প্রভাব পড়বে বলে এদিন সুকান্ত মজুমদার দাবী করেন। বৃহস্পতিবার দুপুরে সুকান্ত মজুমদার বালুরঘাটে সাংবাদিক বৈঠক করে দাবী করেন ১৭০টি সিট নিয়ে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে। তিনি বলেন আমরা এইবার একশো শতাংশ আশাবাদী এইবার আমরা ক্ষমতায় আসতে চলেছি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হতে চলেছে। একইসঙ্গে আগামীতে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হলে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে বলে এদিন তিনি প্রতিশ্রুতি দেন। বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়-কে পাশে নিয়ে এদিন তিনি দাবী করেন বালুরঘাটে ২০২১-এর তুলনায় দ্বিগুন ভোটে বিজেপি জয়লাভ করবে।
Total Post View : 11072