
বর্ণালী রায় ; দক্ষিণ দিনাজপুর : পাঠ্যপুস্তকের গণ্ডি ছাড়িয়ে ছাত্র-ছাত্রীদের বাস্তবমুখী শিক্ষায় উদ্বুদ্ধ করতে বিশেষ উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা উদ্যান পালন বিভাগ। বালুরঘাটে জেলা কৃষি ভবনের সভাঘরে আয়োজিত হলো এক দিবসীয় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ শিবির। এই কর্মসূচিতে বালুরঘাট ও সংলগ্ন এলাকার প্রায় ২০টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লকের মহকুমা উদ্যান পালন আধিকারিক ডক্টর অর্ণব বর সহ অন্যান্য কৃষি আধিকারিকরা। কর্মসূচির মূল লক্ষ্য ছিল স্কুল পর্যায়ে গ্রো ব্যাগের মাধ্যমে আদা চাষ শেখানো, যাতে ছাত্র-ছাত্রীরা অল্প জায়গায় বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের কৌশল রপ্ত করতে পারে। প্রশিক্ষণে আদা বীজ নির্বাচন, মাটি প্রস্তুতি, রোপণ পদ্ধতি, সার প্রয়োগ, পরিচর্যা ও রোগ-পোকা দমন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। এদিন উদ্যান পালন বিভাগের পক্ষ থেকে প্রতিটি অংশগ্রহণকারী বিদ্যালয়ের হাতে আদা চাষের জন্য একটি করে গ্রো ব্যাগ ও প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়। ডক্টর অর্ণব বর জানান, ছাত্র-ছাত্রীদের কৃষির প্রতি আগ্রহী করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রকল্প সফল হলে ভবিষ্যতে জেলার আরও স্কুলকে এই কর্মসূচির আওতায় আনা হবে বলেও তিনি জানান। বালুরঘাটের নালন্দা বিদ্যালয়ের ছাত্র সঞ্জীব দাস জানায়, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা চাষাবাদ সম্পর্কে বাস্তব ধারণা পাচ্ছে এবং বাড়িতে গিয়েও বাবা-মায়ের সঙ্গে কৃষিকাজে সাহায্য করতে পারবে। শিক্ষা ও কৃষিকে এক সূত্রে বেঁধে ছাত্র-ছাত্রীদের আত্মনির্ভরতা র পথে এগিয়ে দিতে এই উদ্যোগ।
Total Post View : 25450