
বর্ণালী রায়; দক্ষিণ দিনাজপুর : ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল বালুরঘাটে। জানা গিয়েছে, শহরের ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে ব্রিজ কালী এলাকায় বৃহস্পতিবার ভোর প্রায় তিনটে নাগাদ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং অন্তত ছয় থেকে সাতটি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। যে দোকানগুলিতে আগুন লেগেছে তার মধ্যে একটি কাঠের ফার্নিচারের দোকান ও একটি স্টিলের দোকান ছিল। এছাড়াও আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান আগুনের গ্রাসে পড়ে। দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে অনুমান করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানিয়েছেন, ভোর চারটে নাগাদ তারা খবর পান। একজন প্রত্যক্ষদর্শীর কথায়, ৪টা ১০-১৫ নাগাদ বাইরে বেরিয়ে দেখি হালকা ধোঁয়া বেরোচ্ছে। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। দমকল আসার আগেই তিন-চারটি দোকানে আগুন পুরোপুরি ছড়িয়ে পড়ে। যদিও খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যেই দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকলের তিনটি ইঞ্জিন দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট অথবা ফার্নিচারের দোকানে মজুত কোনও দাহ্য পদার্থ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাস্থলে বালুরঘাট থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও উপস্থিত ছিলেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Total Post View : 18565