
দক্ষিণ দিনাজপুর: পতিরাম ঠেকের স্পন্দন কালচারাল অ্যাকাডেমির পরিচালনায় আজ ষষ্ঠ বর্ষে সফলভাবে অনুষ্ঠিত হলো ছয় কিলোমিটার ‘সম্প্রীতি ম্যারাথন’। সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দিতে আয়োজিত এই ম্যারাথনে প্রায় পাঁচশো প্রতিযোগী অংশগ্রহণ করেন। দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি মালদা ও উত্তর দিনাজপুর জেলা থেকেও বহু দৌড়বিদ এই প্রতিযোগিতায় যোগ দেন, যা ম্যারাথনের গুরুত্ব ও গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়ে তোলে। সংস্থার সম্পাদক তরুণ ঘোষ জানান, “সমাজে সম্প্রীতি রক্ষার লক্ষ্যে ২০২১ সালে এই ম্যারাথনের সূচনা হয়। সেই ভাবনা থেকেই এর নাম রাখা হয়েছে ‘সম্প্রীতি ম্যারাথন’। প্রতি বছর ২৩ জানুয়ারি নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এ বছর সরস্বতী পুজোর কারণে কয়েকদিন আগে আয়োজন করা হয়েছে। আগামী বছর থেকে আবারও ২৩ জানুয়ারিতেই এই ম্যারাথন অনুষ্ঠিত হবে।” আজকের ম্যারাথনের উদ্বোধন করেন জেলা পুলিশের ডিএসপি (হেডকোয়ার্টার) বিক্রম প্রসাদ। এছাড়াও উপস্থিত ছিলেন পতিরাম থানার ওসি সৎকার স্যাংবো, ট্র্যাফিক ওসি অরুণ তামাং, বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু সাহা সহ অন্যান্য অতিথিরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পতিরাম ও পারপতিরাম ব্যবসায়ী সমিতির সম্পাদক সাগর কুমার সরকার উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম হন রায়গঞ্জের বিশ্বজিৎ মন্ডল, দ্বিতীয় পূর্ব সুন্দরপুরের শ্যামল টুডু এবং তৃতীয় ফরিদপুরের সাগর পাহান। মহিলা বিভাগে প্রথম স্থান অধিকার করেন কালিয়াগঞ্জের বাবলি মাহাতো। স্থানাধিকারীদের হাতে যথাক্রমে ৫০০০, ৩০০০ ও ২০০০ টাকা নগদ অর্থ এবং ট্রফি তুলে দেওয়া হয়। সম্প্রীতির বার্তাকে সামনে রেখে আয়োজিত এই ম্যারাথন এলাকায় এক সামাজিক ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করল।
Total Post View : 27596